মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:৫০ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে। মশক নিয়ন্ত্রণ ও নিধন–সংক্রান্ত উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে এই সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে সফরটি আয়োজনের প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ ছয়জন কর্মকর্তা ফ্লোরিডায় গিয়ে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম পর্যবেক্ষণ করতেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার-সংক্ষেপে মন্তব্য করে বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার বার্তা হিসেবে দেখছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটি নিয়ে পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন