

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের এই দাবিকে সামনে রেখে গোয়ালন্দ বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“গণসংযোগ বাড়াও, অর্থনীতি বাঁচাও, দ্বিতীয় পদ্মা সেতু গড়াও” স্লোগানে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, শিক্ষার্থী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির আয়োজন করে “গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ”।
বক্তারা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হলেও বছরের পর বছর ধরে ফেরিঘাটের ভোগান্তি সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘ যানজট, ফেরির স্বল্পতা ও অব্যবস্থাপনার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়।
তারা আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অভাবে এ অঞ্চলের মানুষ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত পিছিয়ে পড়ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতুর দৃশ্যমান কাজ শুরু করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে আন্দোলনকারীরা সরকারের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে গড়িমসি হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।