

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভোরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অবৈধ একটি ওয়ান শুটার গানসহ আকরামুজ্জামান সুমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন খানখানাপুর মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রেকর্ড রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাবের এই কঠোর অবস্থান এবং পেশাদারিত্ব ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে র্যাব সর্বদা তৎপর ও সচেষ্ট রয়েছে।
মন্তব্য করুন
