

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৪ নম্বর দীর্ঘ ইউনিয়নের লেবু জিলবুনিয়া গ্রামের এক শিশুর জীবন আজ কঠিন এক লড়াইয়ের মুখে। সাত বছর বয়সী তানিয়া, দিনমজুর বাবা মোঃ আল-আমিন হাওলাদারের মেয়ে, জন্মের পর থেকেই একটি বিরল ও জটিল চর্মরোগে ভুগছে।
পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই তানিয়ার শরীরে অস্বাভাবিক সমস্যা দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার অবনতি ঘটে। পরে খুলনার আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন, তানিয়া একটি বিরল চর্মরোগে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।
তানিয়ার শরীরজুড়ে মুখ, হাত-পা ও পিঠে বড় বড় ফোসকা, ঘা এবং খসখসে ত্বক দেখা দিয়েছে। তীব্র চুলকানি ও ব্যথায় সে সারাক্ষণ কষ্ট পাচ্ছে। রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না।
অসহায় বাবা আল-আমিন হাওলাদার বলেন,“আমি দিনমজুর মানুষ, দিন এনে দিন খাই। মেয়েটার চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের কাছে অনুরোধ, আপনারা আমার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসুন।”
মা নয়নী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,“মেয়েটা জন্মের পর থেকেই অসুস্থ। এখন ওর কষ্ট দেখে আর সহ্য করতে পারি না। ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই।”
নানী শাহিনুর বেগম জানান,“শরীরে সাবান বা শ্যাম্পু ব্যবহার করানো যায় না। সারারাত চুলকায়, ঘুমাতে পারে না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানিয়েছেন, অসুস্থ শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
মন্তব্য করুন