

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ ৫৮ লিটার তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খান ভ্যারাইটিস স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৮ লিটার পেট্রোল ও ৪শ ৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। দোকানটির মালিক এমাদুল খান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ী এমাদুল খান কে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হালদার আদালত পরিচালনা করেন।
পরে জব্দকৃত জ্বালানি তেল নিলামে বিক্রি করা হয়। এতে পেট্রোল প্রতি লিটার ১১০ টাকা ৩৫ পয়সা এবং ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে বিক্রি হয়। জরিমানার পাশাপাশি জব্দ তেল সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সোবাহান, এসআই শাহিন, এসআই কাইয়ুম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়াই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করছিল। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ রাখা মোট ২ হাজার ৩২০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এসব অভিযানে দুই জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন