

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হঠাৎ একপশলা বৃষ্টিতেই পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের স্বজন, চিকিৎসক, হাসপাতালের স্টাফ ও সাধারণ পথচারীরা।
স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল অভি জানান, এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টি হলেই পানি ঠিকমতো নিষ্কাশন হতে পারে না, ফলে রাস্তায় পানি জমে যায়। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় অবরুদ্ধ থাকায় একবার পানি জমলে তা নামতে দীর্ঘ সময় লাগে। এটি মঠবাড়িয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, আর বৃষ্টি হলেই তাদের এই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, "রোগী নিয়ে এমনিতেই আমরা চিন্তায় থাকি, তার ওপর হাসপাতালের সামনের রাস্তায় এমন পানি জমে থাকলে যাতায়াত করাই তো এক যুদ্ধ। ড্রেনগুলো পরিষ্কার থাকলে এমনটা হতো না।"
এ বিষয়ে ভুক্তভোগী জনসাধারণ ও স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, জনদুর্ভোগ লাঘবে আমরা মঠবাড়িয়া পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন করে হাসপাতালগামী এই অতি গুরুত্বপূর্ণ সড়কটিকে পানিমুক্ত রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
মন্তব্য করুন