

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে মায়ের কোল খালি করে যে ঐতিহাসিক জুলাই বিপ্লব এনে দিয়েছে, সেই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক।
আজ শনিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “আমরা দেখছি কিছু মানুষ প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের প্রচার চালাচ্ছেন। এরা মোনাফেক। আমরা এই মোনাফেকি দেখতে চাই না। যদি ‘না’-এর পক্ষেই থাকতে চান, তবে প্রকাশ্যে বলুন। বাংলার মানুষ দেখতে চায় কারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং কারা আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।”
তিনি অভিযোগ করেন, একটি অশুভ শক্তি বাংলাদেশকে পুনরায় আধিপত্যবাদী শক্তির কাছে বর্গা দিতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। দশ দলীয় ঐক্যজোট বিজয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন বা বিরোধী দলে গেলে কে হবেন বিরোধীদলীয় নেতা—এ ধরনের প্রশ্ন তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক নেতা ছিল না। ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। আজও সেই ঐক্যের জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, পিরোজপুর-২ আসনের মানুষ শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব দরবারেও একটি অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে যে সমর্থন দেখা গেছে, তা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সভায় তিনি পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শহীদ সাঈদীর দুই পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাত তুলে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “মাওলানা সাঈদী যে অবদান রেখে গেছেন, তার ঋণ শোধের একটি পথ হলো তাঁর সন্তানদের সংসদে পাঠানো।”
তিনি বলেন, “আমাদের ঐক্যের মূল বুনিয়াদ হলো দেশপ্রেম। আমরা দুর্বৃত্তপনা, গুন্ডামি, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতির অবসান চাই। এসব কারণেই স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।”
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “পরাজিত সব শক্তি আজ জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু এ দেশের ছাত্রজনতা যে বিপ্লব রক্ত দিয়ে এনেছে, তা ব্যর্থ হতে দেওয়া হবে না।” ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসাইন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির শামীম হামিদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
