মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র নিয়ে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীর মহড়া
expand
কাফনের কাপড় মাথায় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীর মহড়া

পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সমর্থক জুবায়ের হোসেন বাপ্পীর মহড়াকালীন সময়ে দুই পক্ষের ব্যাপক উত্তেজনা সৃষ্টির ঘটনা ঘটেছে।

প্রকাশ্যে অস্ত্র হাতে এমন মহড়ায় শহরের অভ্যন্তরে বেশ আতংকও ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী থানা ফটকে এ ঘটনা ঘটে। বর্তমানে অস্ত্র হাতে মহড়া দেওয়া জোবায়ের হোসেন বাপ্পী থানার ভিতর পুলিশি হেফাজতে রয়েছে এবং প্রতিপক্ষ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানা ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এমন ঘটনার বিচার দাবি করেন।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় নিজ বাসস্থান থেকে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানানোর জন্য তিনি প্রকাশ্যে তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র নিয়ে থানা ফটকে অবস্থান করেন।

পরে অস্ত্র হাতে এমন মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনার কিছু সময় পরে জাকারিয়া পিন্টুর সমর্থকরা থানা ফটকে অবস্থান করে এমন আতংক সৃষ্টির প্রতিবাদ জানিয়ে জোবায়ের হোসেন বাপ্পী ও হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আইনি পদক্ষেপ দাবি করেন।

এসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ থানা ফটকে অবস্থান নেওয়া কয়েকজন বলেন, রাজনৈতিক ক্ষোভে কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বাপ্পী বার বার হত্যার হুমকি দিয়ে আসছে। আজকে সে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে পুরো শহরে আতংক তৈরি করেছে।

আমরা মনে করছি রাজনৈতিক প্রতিহিংসার কারনে প্রতিপক্ষের প্রাননাশের উদ্দেশ্যেই তার এই অস্ত্রের মহড়া। আমরা এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এ ঘটনায় অস্ত্র প্রদর্শন করা জোবায়ের হোসেন বাপ্পী ইতিমধ্যে পুলিশি হেফাজতে রয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank