সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ্ (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ্ মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাঁথিয়া উপজেলার নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর ইছামতী নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণকাজের মালামাল আনলোড করার জন্য একটি ১০ চাকার লরি সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। এতে সড়কে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায়।

এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ রঙের সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পর পেছন থেকে আসা হলুদ রঙের একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে দুর্ঘটনার ভয়াবহতা আরও বেড়ে যায়। এতে সিএনজির চালকসহ ৫/৬ জন আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সিএনজি চালক আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সড়কের পাশে নির্মাণসামগ্রীবাহী লরি পার্ক করে রাখার কারণে যান চলাচলের জায়গা সংকুচিত হওয়াকেই দুর্ঘটনার অন্যতম কারণ বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন