

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—জাহেরপুর গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে ওবায়দুল্লাহ (৫) এবং মোঃ সেকুল মিয়ার ছেলে শাহাদত (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও দুই শিশু খেলাধুলা করতে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা বিদ্যালয়ের সামনের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে দুই শিশুই মারা যায়।
খবর ছড়িয়ে পড়লে জাহেরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই শিশুর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিদিনের মতো খেলতে গিয়ে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। ময়নাতদন্ত শেষে নিহত দুই শিশুর মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান খালিয়াজুরী থানার এস আই মনজুরুল হক।
মাত্র চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদ্যালয় ও বসতবাড়ির আশপাশের ডোবা-নালা নিরাপদ রাখা এবং শিশুদের খেলাধুলার সময় অভিভাবকদের বাড়তি নজরদারির আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।



