

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিয়ের আনন্দঘন আয়োজন শেষ হতে না হতেই তা রূপ নেয় আতঙ্কে। ভোজের খাবার খাওয়ার পর বরসহ অন্তত ২০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) মোহনগঞ্জ উপজেলার মানসা গ্রামে কনের বাড়িতে ভোজের পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে মনিরুল ইসলামের বিয়ের বরযাত্রা যায় মোহনগঞ্জের মানসা গ্রামে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ভোজে অংশ নেন বরযাত্রীরা। খাবার খেয়ে নিজ এলাকায় ফেরার কিছুক্ষণের মধ্যেই বরসহ প্রায় ২০ জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থদের মধ্যে বমি, ডায়রিয়া ও তীব্র পেটব্যথার উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই হাসপাতালে ভর্তি রয়েছেন, এছাড়া কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
শুনই গ্রামের নূর মোহাম্মদ বলেন, খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। অনেকের অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এদিকে বরপক্ষের অভিযোগ, ভোজের খাবারে কোনো ধরনের ক্ষতিকর উপাদান মেশানো হয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
আটপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার পাল জানান, একই ধরনের উপসর্গ নিয়ে কয়েকজন রোগী ভর্তি হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন