সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, ভোটের অপেক্ষায় ভোটাররা

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
নেত্রকোনায় নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা
expand
নেত্রকোনায় নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নেত্রকোনার সবকটি সংসদীয় আসনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্র সাজানো, ব্যালট ও নির্বাচন উপকরণ বিতরণ, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন—সব মিলিয়ে জেলায় ভোটের আমেজ বিরাজ করছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের ৬৭৬টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিলসহ আনুষঙ্গিক সামগ্রী পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে পৌঁছেছেন। ভোটগ্রহণ হবে সকাল ৭.৩০ থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত একটানা।

নির্বাচন সামনে রেখে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক ভোটারই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন। শহর থেকে গ্রাম—চায়ের দোকান, বাজার ও পথঘাটে আলোচনার কেন্দ্রে রয়েছে ভোটের হিসাব-নিকাশ, প্রার্থীদের শক্তি-দুর্বলতা এবং নির্বাচনের স্বচ্ছতা।

তরুণ ভোটারদের একটি অংশ বলছে, তারা উন্নয়ন ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে ভোট দিতে চায়। অন্যদিকে বয়স্ক ভোটাররা এলাকার সার্বিক নিরাপত্তা, সেবা ও প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় রাখছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে। জেলার ৬৭৬ টি কেন্দ্রের মধ্যে ১১০ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিশৃঙ্খলা বা সহিংসতার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে কোনো অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন