শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা চলাকালে কলেজে রাজনৈতিক সমাবেশ, শিক্ষার্থীদের ভোগান্তি

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সুসং সরকারি কলেজে ২য় বর্ষের সমাপনী (টেস্ট) পরীক্ষা চলাকালীন সময়ে রাজনৈতিক সমাবেশের আয়োজনকে কেন্দ্র করে শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ও পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই কলেজ মাঠে লোকজনের সমাগম শুরু হলে ক্যাম্পাসজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

কলেজ সূত্রে জানা গেছে, এদিন প্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত অভ্যন্তরীণ দুই ধাপের টেস্ট পরীক্ষা চলছিল। কিন্তু সকাল থেকে মাঠে লোকসমাগম বাড়তে থাকায় পরীক্ষা চলাকালীন সময়েই শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হয়। দুপুর ১১টার পর থেকে সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন। পরীক্ষার্থীরা যখন শ্রেণীকক্ষে পরীক্ষায় ব্যস্ত ছিলেন, তখন মাঠের শোরগোল ও জনসমাগমে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ব্যাহত হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে সুসং সরকারি কলেজের অধ্যক্ষ জানান, সমাবেশের জন্য কলেজ কর্তৃপক্ষ কোনো অনুমতি দেয়নি। আয়োজকরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছেন বলে তাকে জানানো হয়েছে।

অন্যদিকে, সমাবেশ দুপুর ১২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে লোকসমাগম শুরু হয়, যা নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের মতে, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি আয়োজন শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কলেজ মাঠে রাজনৈতিক সমাবেশ চলতে পারে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৩টার পর সমাবেশ হলে তাদের সমস্যা নেই। নির্ধারিত সময়ের আগে জনসমাগম হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন