সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৪২ বিঘা জমিতে টমেটো চাষে ৪০ লাখ টাকা লাভের আশা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
৪২ বিঘা জমিতে টমেটো চাষ ৬০ লাখ টাকা খরচে ৪০ লাখ টাকা লাভের আশা
expand
৪২ বিঘা জমিতে টমেটো চাষ ৬০ লাখ টাকা খরচে ৪০ লাখ টাকা লাভের আশা

মাস্টার্স পাস করে চাকরির পেছনে না ছুটে ৪২ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন চাঁপাইনবাবগঞ্জের জজম আলী। ৬০ লাখ টাকা খরচ করে ৪০ লাখ টাকা লাভ করতে পারবেন বলে তার বিশ্বাস। এ পর্যন্ত খরচের টাকা টমেটো বিক্রি করে উঠে গেছে। এখন টমেটো বিক্রি করে যা পাবেন, তা পুরোটাই লাভ হবে।

সরেজমিন টমেটো ক্ষেতে গিয়ে কথা হয় জজম আলীর সাথে। তিনি বলেন, আমি মাস্টার্স পাস করে চাকরির খোঁজে গিয়ে দেখলাম মামা-খালুর পাশাপাশি মোটা অঙ্কের টাকা প্রয়োজন। তাই আমি চাকরির পেছনে না ছুটে নিজে কৃষিকাজ করে প্রতিষ্ঠিত হতে চেয়েছি।

তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে টমেটো চাষের সিদ্ধান্ত নেন। আরও চার তরুণ কৃষকের সাথে আলাপ করে বার্ষিক ১৯ হাজার টাকা বিঘা দরে ৪২ বিঘা জমি লিজ নেন। জমি চাষ, চারা কেনা ও রোপণ, মাচা তৈরিসহ সব মিলিয়ে এ পর্যন্ত ৬০ লাখ টাকা খরচ করেছেন।

জজম আলী বলেন, টমেটোর জমিতে প্রতিদিন প্রায় ৪০-৪৫ জন যুবক কাজ করে। তাদের আয় হয় প্রতিদিন ৫০০ টাকা। গত অক্টোবর মাসে জমি চাষ শেষে টমেটোর চারা রোপণ করি। মাত্র দুই মাসের ব্যবধানে টমেটোর ফলন আসা শুরু করে। ডিসেম্বর মাস থেকে টমেটো তুলে বিক্রি করা শুরু করি। গত দেড় মাসে প্রায় ৪৫ লাখ টাকার টমেটো বিক্রি করেছি। এবার আবহাওয়া অনুকূল হওয়ায় সামনে আরও প্রায় দুই মাস টমেটো ধরবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবকরা না বুঝে শুধু চাকরির পেছনে ছোটাছুটি করে। চাকরি না পেয়ে হতাশায় নিমজ্জিত হয়ে অনেকেই মাদকাসক্ত হয়ে জীবন ধ্বংস করছে। শিবগঞ্জের জমি এত উর্বর যে, যেকোনো ফসলের ফলন ভালো হয়। কৃষিকাজের মধ্যে যেমন আনন্দ আছে, তেমন রয়েছে সৎ জীবনযাপন।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪২৫ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। তরুণ উদ্যোক্তা জজম আলীর টমেটোর জমিতে গিয়ে খুবই খুশি হয়েছি। তাকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে শিবগঞ্জে শিক্ষিত অনেক বেকার যুবক টমেটো চাষে ঝুঁকছেন। কারণ, টমেটো চাষে স্বল্প সময়ে অধিন মুনাফা করে স্বাবলম্বী হওয়া যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন