

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের (লালপুর-বাগাতিপাড়া) প্রতিনিধি সাজিবুল হৃদয় এবং দৈনিক মানবজমিন পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ওই তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনও মেনে নেবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক সজিবুল হৃদয় বলেন, ছাত্রদল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, সেটিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক দায়িত্ব পালনকালে হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় আমরা ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, সাংবাদিক লাঞ্ছনার মতো ঘটনা ছাত্রদলের আদর্শের সঙ্গে যায় না। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল নিয়ে অসন্তোষের জেরে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে ছাত্রদল যুবদলের-নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে ওই দুই সাংবাদিক বিক্ষোভকারীদের দ্বারা লাঞ্ছিত হন। যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


