সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর, ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনার পর জেলার চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ ফলাফল স্থগিতের কথা জানানো হয়।

স্থগিত হওয়া উপজেলাগুলো হলো লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর। এর আগে এসব উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের নিমিত্তে নাটোর জেলার আওতাধীন বাগাতিপাড়া, লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োজিতকরণের লক্ষ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই ফলাফল স্থগিতকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায়, ফলাফল স্থগিতকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফলে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে ইউএনও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

এ সময় তারা অফিসের প্লাস্টিকের চেয়ার, ফুলের টব, ইউএনও কার্যালয়ের বারান্দার গেট ভাঙচুর করে। বিক্ষুব্ধদের অবস্থানের কারণে ইউএনও নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষোভকারী ছাত্রদলের নেতাকর্মীরা ফলাফল স্থগিত করতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেধে দিয়ে বিকেল ৪টার দিকে ইউএনও কার্যালয় ত্যাগ করেন।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই উপজেলায় অন্তত ৬ জন সাংবাদিক হেনস্তার শিকার হন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, মেধার ভিত্তিতে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। অথচ এর পরদিনই চার উপজেলার ফলাফল স্থগিত করা হয়।

নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চারটি উপজেলার নিয়োগ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে তা জানিয়ে দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন