

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নাটরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১২ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কয়েকজন সাংবাদিক হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে কার্যালয় ঘেরাও করেন। এ সময় ইউএনওকে অবরুদ্ধ করে রাখার অভিযোগও ওঠে।
বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি রশিদুল ইসলাম ও নেক্সাস টিভির প্রতিনিধি শরিফুল ইসলামসহ কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার ভিডিও ধারণের সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। পরে ফোনে থাকা ছবি ও ভিডিও মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এনটিভি অনলাইনের প্রতিনিধি সজিবুল ইসলাম বলেন, হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচারের আশা প্রকাশ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


