

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় লাশ দাফনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর জানাজা শেষে গোরস্থানে নেওয়ার সময় প্রবেশপথে নির্মিত একটি দেয়ালের কারণে লাশবাহী খাটিয়া আটকে গেলে ক্ষুব্ধ মুসল্লিরা দেয়ালটি ভেঙে পথ তৈরি করে দাফন সম্পন্ন করেন।
স্থানীয়রা জানান, ফাইজুর রহমান (ফাইজু বাবুর্চি) নামের এক ব্যক্তির জানাজা শেষে তার মরদেহ গোরস্থানে নেওয়ার সময় প্রবেশপথে নির্মিত দেয়ালের কারণে খাটিয়া আটকে যায়। এতে উপস্থিত মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দেয়ালের একটি অংশ ভেঙে পথ তৈরি করে মরদেহটি গোরস্থানে নিয়ে দাফন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–সিলেট মহাসড়ক সংলগ্ন এলাকায় একটি মসজিদ, গোরস্থান ও চার গ্রামের যৌথ ঈদগাহ রয়েছে। সম্প্রতি মহাসড়ক সম্প্রসারণের কাজ শুরু হলে এক জনপ্রতিনিধি ব্যক্তিগত জমির সীমানা দেখিয়ে ওই প্রবেশপথে একটি দেয়াল নির্মাণ করেন। এতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়।
জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের দাবি, সরু ও আঁকাবাঁকা পথ দিয়ে লাশ নিয়ে গোরস্থানে প্রবেশ করা কঠিন হয়ে পড়ায় তারা বাধ্য হয়ে দেয়ালের একটি অংশ অপসারণ করেন।
এদিকে ঘটনাটি নিয়ে ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ কামরুজ্জামান সরকার শতাধিক স্বাক্ষরসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী আসন্ন ঈদুল ফিতরের আগেই বিষয়টির স্থায়ী সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন