

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে জেলা প্রশাসন, নরসিংদীর আয়োজনে অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মিলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী পৌর পার্কে আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী। এ ছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার বীজ রোপণ করেছে। নতুন প্রজন্মকে বইমুখী করে গড়ে তুলতে এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে এ ধরনের বইমেলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সপ্তাহব্যাপী এই বইমেলা জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশের এক অনন্য আয়োজন। তিনি শিক্ষার্থী ও তরুণদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং পরিবারভিত্তিক পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, একটি সচেতন, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বইপড়ার বিকল্প নেই।
বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, আলোচনা সভা, সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন
