

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে কোরআনখানির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে র্যালি বের করা হয়। বেলা ১১টায় তাঁর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা (বর্তমান নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালের ১৪ মার্চ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ যোগদান করেন। যা বর্তমানে ‘বর্ডার গার্ড অব বাংলাদেশ’ (বিজিবি) হিসেবে পরিচিত।
১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ এবং দলীয় সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুরে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
মন্তব্য করুন
