

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নওগাঁর পত্নীতলায় চোলাই মদের আস্তানায় হানা দিয়ে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এরআগে গত শুক্রবার (৩১জুলাই) রাতব্যাপী উপজেলার দিবর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ভাই হলেন, মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩)। তারা দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি হচ্ছে এমন বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জেলা পুলিশের কাছে একাধিক অভিযোগ পৌঁছায়। অভিযোগের প্রেক্ষিতে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। সেই সাথে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই সঙ্গে দিবর ইউনিয়নসহ জেলার অন্যান্য এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সুপার।


