রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার পর এবার ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০১:২৭ এএম
ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর পর এ দুর্ঘটনা ঘটে।
expand
ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরুর পর এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।

বুধবার (২৪ জুন) রাতে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি বুধবার রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে।

১০টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। ১০টা ৪২ মিনিটে মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনাস্থলে আছি। লাইনচ্যুত বগি উদ্ধার করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হবে। গৌরীপুর জংশন হয়ে জামালপুর- চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন