

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ সপ্তাহ ব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৫ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের বাচ্চাদের টিকা প্রদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর উদ্বোধন শেষে উপ-স্বাস্থ্য কেন্দ্রসহ ৫টি ইউনিয়নের প্রায় ১৩টি কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে সকাল ৮টা থেকে উপজেলায় ২৩ হাজার লক্ষ্যমাত্রা টিকাদান কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর প্রতিবেদককে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের বাচ্চার হাম-রুবেলার টিকা প্রদান কর্মসূচি দু'টি ভাগে করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে ৫টি ইউনিয়নে আগামীকাল সোমবার বাকি ৫টি ইউনিয়নে টিকা প্রদান করা হবে। আগামী ৩ সপ্তাহ অর্থাৎ ২১দিন ব্যাপী এ টিকাদান কর্মসূচি চলমান থাকবে।
তিনি আরও জানান, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময় টিকা না দিয়ে, সুস্থ হওয়ার পর টিকা প্রদানের পরামর্শ দেওয়া হচ্ছে। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী মহোদয়।
এ সময় উপস্থিত উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেবি নাজনীন সোহানা, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, এমটিএপিআই নাঈম হৃদয়, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।