বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
expand
ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

মুন্সীগঞ্জের লৌহজংয়ে দীর্ঘ ৩৮ বছর মসজিদে ইমামতি ও খতিব হিসেবে দায়িত্ব পালন করায় মাওলানা মুফতি মো. নূরুল ইসলাম নামে ৬৫ বছরের এক ইমামকে ঘোড়ার গাড়িতে চরিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন পালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও মধ্যপাড়া গ্রামের মুসুল্লিগণের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ১৯৮৮ সালে পালগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম হিসেবে যোগ দেন ওই সময়ের টগবগে যুবক মাওলানা মুফতি মো. নূরুল ইসলাম। তিনি একাধারে ওই মসজিদে ইমামতি ছাড়াও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু দীর্ঘ ৩৮ বছর ইমামতি করার পর বার্ধক্যের কারণে তিনি ২০২৬ সালে অবসরে যান।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন মসজিদের মোতাওয়াল্লী মঞ্জরুল হক পাঠান, কমিটির সাধারণ সম্পাদক আদম আলী শিকদারসহ পালগাঁও মধ্যেপাড়া সমাজের মুসুল্লিগণ৷

মাওলানা মুফতি নূরুল ইসলাম তার বিদায়ী বক্তব্যে বলেন, আমি আমার সারা জীবন ইসলামের পথে দ্বীনের সেবায় কাটিয়েছি। এই এলাকার মানুষকে কুরআন শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। আমার অনেক বয়স হয়েছে, যে কোনো সময় আপনাদের ছেড়ে পরকালে যেতে হবে, তাই সকলে আমাকে ক্ষমা করে দেবেন।

আলোচনা শেষে মাওলানা মুফতি নূরুল ইসলাম সাহেবের হাতে সম্মাননা স্মারক ও নগদ ৫ লাখ টাকা দিয়ে সুসজ্জিত ঘোড়ার গাড়ি করে রাজকীয়ভাবে পালগাঁও গ্রাম ঘুরিয়ে নিজ বাড়ি পটুয়াখালীর উদ্দেশ্য লৌহজং উপজেলার মাওয়া পদ্মাসেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার পথে পৌঁছে দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন