বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরগঞ্জ খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
অবৈধভাবে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
expand
অবৈধভাবে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ডহরী–বালিগাঁও–তালতলা (গৌরগঞ্জ) খালে অবৈধভাবে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে উপজেলার বালিগাঁও পেট্রোল পাম্পের পেছনে খালের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। বালিগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে খালপাড়ের নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র খালে অবাধে বাল্কহেড চলাচল চালিয়ে যাচ্ছে। এসব ভারী নৌযানের সৃষ্ট ঢেউয়ে খালের তীরবর্তী বসতবাড়ি ও আঙিনা ভেঙে পড়ছে। এতে বহু পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা দিপেল খান বলেন, এক শ্রেণির চাঁদাবাজ নিজেদের স্বার্থে জোর করে বাল্কহেড চালাচ্ছে। ঢেউয়ের আঘাতে খালের পাড় ভাঙছে, বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। কয়েকবার বাধা দেওয়া হলেও কোনো ফল হয়নি। প্রশাসনের কাছে তাঁদের দাবি, অবিলম্বে বাল্কহেড চলাচল ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

খালপাড়ের এক নারী বাসিন্দা বলেন, তাঁদের বাড়ি খালের একেবারে পাশে। বড় বাল্কহেড চলাচলের সময় সৃষ্ট ঢেউয়ে আঙিনা ভেঙে যাচ্ছে। আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে। দ্রুত বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানান তিনি।

আরেক বাসিন্দা বলেন, বালুর বাল্কহেড চলাচলের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু ব্যক্তি এসব বাল্কহেড এনে চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খাল ও বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ভিটামাটি বাঁচাতে চাই, বাল্কহেড বন্ধ এখনই চাই’ স্লোগান দেন। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X