বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের রাজনীতি করলে শেষ পর্যন্ত পালাতে হয়: হাবিব উন নবী সোহেল

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ পিএম
কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল
expand
কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন, রাজনীতিতে অস্ত্রের খেলা খেললে বেশিদিন টিকে থাকা যায় না। রাজনীতি করতে হলে মাঠের রাজনীতি করতে হয়। মাঠে রাজনীতি করলে পালিয়ে যেতে হয় না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদরের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব উন নবী সোহেল বলেন, অস্ত্রের রাজনীতি করলে শেষ পর্যন্ত পালাতে হয়। এ কারণেই যারা অস্ত্রের পথে গেছে, তাদের পালিয়ে যেতে হয়েছে। এমনকি তাদের নেত্রীকেও দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রয়েছে হাজার হাজার নেতা, যারা সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। দল সবাইকে সম্মান করে। যে প্রার্থীকে দিয়ে এলাকায় উন্নয়ন সম্ভব, দল তাকেই মনোনয়ন দিয়েছে। তিনি উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল থেকেই হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন