বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পিকআপের ধাক্কায় পথচারী নিহত, এলাকায় উত্তেজনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ এএম
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে
expand
এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোয়ালগুন্নি এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ফয়সাল (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ফয়সালকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফয়সাল গোয়ালগুন্নি এলাকার আবু কাশেম মণ্ডলের ছেলে। তার পরিবারে দুই কন্যা সন্তান রয়েছে। তিনি যমুনা ব্যাংক সিরাজদিখান শাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় একটি পিকআপ ভ্যানের চালক অপর একজনকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় গোয়ালগুন্নি সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পথচারী ফয়সালের ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পিকাপের চালক ও প্রশিক্ষণার্থীকে আটক করে গণধোলাই দেয় এবং একটি বাড়িতে আটকে রাখে। খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর উত্তেজনা সৃষ্টি হয়। রাত পৌনে ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী অবরুদ্ধ অবস্থায় থাকা দুইজনকে উদ্ধার করে কঠোর পাহারায় ঘটনাস্থল থেকে নিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন আলী জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X