বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে মেহেরপুরে মাঠে থাকবে ২৭০ জন বিজিবি সদস্য

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
বিজিবির সংবাদ সম্মেলন
expand
বিজিবির সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে মাঠে থাকবে ২৭০ জন বিজিবি সদস্য। নির্বাচন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ও ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জেলার তিনটি উপজেলা নিয়ে গঠিত দুটি সংসদীয় আসনের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ৮ দশমিক ৯ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা অস্ত্র ও গোলাবারুদসহ সর্বাত্মক প্রস্তুত অবস্থায় রয়েছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে বিজিবি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সন্দেহজনক তৎপরতা নজরদারিতে রাখা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই দুই জেলার মোট সাতটি উপজেলা নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনের অধীনে থাকা ৫৬৭টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৯ দশমিক ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুন সংশ্লিষ্ট এলাকায় টহল, চেকপোস্ট ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি বজায় থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করবে সংশ্লিষ্ট বাহিনী ও জেলা প্রশাসন।

নির্বাচন ঘিরে জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আস্থা তৈরিতে এই মোতায়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X