মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মাইক্রোবাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৩ পিএম
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস-সিএনজি
expand
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস-সিএনজি

মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক আব্দুল মান্নান (৪৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার কালাপুর এলাকায় দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস শ্রীমঙ্গলগামী যাত্রীবাহী সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ মোট পাঁচজন গুরুতর জখম হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন