সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম
সংগৃহীত
expand

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করতে দেখা যাচ্ছে শ্রমিকদের। সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

গত মাসের ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় এক মাস পর বাড়িটির সংস্কারকাজ শুরু হলো। এখন ভবনের বাইরের অংশের রঙের কাজ করা হচ্ছে।

তবে সংস্কারকাজ চলার সময় বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি। কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শুধু ভবনের সংস্কারকাজের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না, কিংবা বাড়িতে কেউ আসবেন কি না- এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই। তাদের যিনি কাজ দিয়েছেন তিনিও নাকি ঢাকায় থাকেন।

শ্রমিকরা জানিয়েছেন, রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশ মেরামত করা হতে পারে। এর আগে গত আগস্টে দুর্বৃত্তরা সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

এদিকে, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন— এমন বক্তব্য সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ নিয়ে পোস্ট করেছেন।

এই পরিস্থিতিতে সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কি না, তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা দেখা যাচ্ছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

তবে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank