

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে অনন্য এক ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এখন থেকে কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে ওই ব্যক্তিকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।
গত রোববার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমপি হানজালা এই ঘোষণা দেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, “আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমরা কাজ করে যাচ্ছি। যুবসমাজ ও দেশকে বাঁচাতে হলে সমাজকে মাদকমুক্ত করার বিকল্প নেই।”
ভিডিওবার্তায় তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনের সহযোগিতা থাকুক বা না থাকুক, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে সংসদ সদস্য হিসেবে তিনি নিজে মাঠপর্যায়ে অভিযানে অংশ নেবেন।
মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি হানজালা বলেন, “মাদকের সঙ্গে আমার দলের কেউ কিংবা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো পরিচয় বা প্রভাব কাজে আসবে না। আমি ওয়াদা দিচ্ছি, শিবচরকে মাদকমুক্ত করতে যা যা প্রয়োজন সব করব।”
মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যার যার অবস্থান থেকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কারবারিকে পাকড়াও করতে পারে, আমি তাকে এমনভাবে পুরস্কৃত করব যাতে সে খুশি হয়।”
নির্বাচনের আগে শুরু হওয়া এই মাদকবিরোধী কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।