বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে জব্দ করা ৫৬০০ লিটার তেল কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি​
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি
expand
কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

মাদারীপুরের শিবচরে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে মজুত করা ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় ভুক্তভোগী কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাস ষ্ট্যান্ড ও শেখপুর ব্রীজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেখপুর এলাকার ‘মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ’ স্বত্বাধিকারী তনাই মোল্লা তার গদিঘরে এবং ‘মেসার্স রোকন স্টোর’-এর স্বত্বাধিকারী রোকন আকন তার নিজ বাড়ির নিচের গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রেখেছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এই অভিযানের নেতৃত্ব দেন। তল্লাশি চালিয়ে রোকন আকনের গোডাউন থেকে ১৮ ব্যারেল ও তনাই মোল্লার গদিঘর থেকে ১০ ব্যারেল মোট ২৮টি ভর্তি ব্যারেলে ৫৬০০ লিটার তেল পাওয়া যায়।

গত প্রায় ১৫ দিন ধরে শিবচর এলাকার কৃষকরা জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছিলেন। বিশেষ করে সেচ মৌসুমে তেলের অভাব কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। অভিযানের পর জব্দকৃত তেল স্থানীয়দের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করায় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

​অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা জানান, "কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের ভোগান্তি বাড়াচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে আমরা ২৮ ব্যারেল তেল উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে।"

তিনি আরও জানান,"​জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন