মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবচরে ৭ ক্লিনিক সিলগালা, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা​

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি​
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ পিএম
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাদারীপুরের শিবচরে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও অনিয়ম রোধে বড় ধরনের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বৈধ কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এছাড়া ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা এবং দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচর পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালিত হয়।

​অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ইব্রাহিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হক উপস্থিত ছিলেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো— শিবচর সেবা ডায়াগনস্টিক সেন্টার, এইচ.বি. হসপিটাল লিমিটেড, সিটি ডায়াগনস্টিক সেন্টার, শরিফ ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর হলি ফ্যামেলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং হিরাপান্না চক্ষু হাসপাতাল।

​এছাড়া চিকিৎসা সেবায় নানা ত্রুটি ও অনিয়ম পাওয়ায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

শিবচর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবীন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভা এলাকায় অভিযান চালানো হয়েছে। বৈধ অনুমতিসহ সরকারি নিয়মনীতি প্রতিপালন না করায় সাতটি বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, "উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান নিশ্চিত করতে আমাদের এই অভিযান। সরকারি নিয়মনীতি প্রতিপালন না করায় সাতটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকায় জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন