

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র রমজানকে ঘিরে বাজারে যখন বাড়তি ভিড়, তখনই নিভৃতে ক্রেতাদের সারিতে মিশে ছিলেন এক নারী। বোরকা পরা সেই ‘নারী ক্রেতা’ দরদাম করেছেন, ওজন মিলিয়েছেন, পণ্যের মান যাচাই করেছেন—আর নীরবে নোট করেছেন অনিয়মের খতিয়ান। কিছুক্ষণ পরই বদলে যায় দৃশ্যপট। পরিচয় প্রকাশ করতেই শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
জানা যায়, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে তিনি ছদ্মবেশে বাজারে প্রবেশ করেন। মাছ, মাংস, মুদি ও ফলের দোকান ঘুরে অতিরিক্ত দামে বিক্রি, ওজনে কারচুপি এবং খাসির মাংস বিক্রিতে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তিনি।
অনিয়ম চিহ্নিত করার পর ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।এই অভিনব অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “প্রথমে ছদ্মবেশে বাজার মনিটরিং করি, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভোক্তার স্বার্থ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।"
মন্তব্য করুন
