সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
লক্ষ্মীপুরে সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন
expand
লক্ষ্মীপুরে সংঘর্ষের পর বিএনপি-জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে দুই দল।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর শহরের একটি রেস্টুরেন্টে কেরোয়া ইউনিয়ন বিএনপি ও জামায়াতের উদ্যোগে এই যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের দুই কর্মী শাকিল ও এমরান আহত হন বলে অভিযোগ ওঠে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে একই ঘটনায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকেও তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে পাল্টা অভিযোগ করা হয়। ঘটনার পরপরই ছাত্রশিবির ও বিএনপি পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসেম দুলাল মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর আলো, কেরোয়া জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার, সেক্রেটারি ইউনুস, জামায়াত নেতা অ্যাডভোকেট সুমন মনির এবং বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধাসহ উভয় দলের স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে উভয় দলের নেতারা বলেন, আমরা সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাজনীতি করতে চাই। আমরা একই এলাকায় বসবাস করি, একই ইউনিয়নের মানুষ। আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সহিংসতা নয়। মারামারি চাই না। সবাই নিজ নিজ রাজনৈতিক কার্যক্রম করবে, কিন্তু একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখবে।

তারা আরও বলেন, নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে যেন কেউ কোনো ধরনের সহিংসতায় জড়িত না হয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন