

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে সংবর্ধনা জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আব্দুল গফুর।
এ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সংসদ সদস্য আব্দুল গফুর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে সংবর্ধনা জানান। পরে এ সংবর্ধনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মতামত সামনে আসে।
সমালোচকদের একটি অংশের দাবি, রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম অনুযায়ী একজন সংসদ সদস্য সংশ্লিষ্ট এলাকার প্রধান জনপ্রতিনিধি ও আইনপ্রণেতা।তাঁদের মতে, একজন জনপ্রতিনিধির সরকারি কর্মকর্তার দপ্তরে গিয়ে সংবর্ধনা দেওয়ার ঘটনা প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিতে পারে।
এদিকে,সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলছেন,একজন সংসদ সদস্য যেভাবে দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দিলেন, তাতে সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব ও অপ্রকাশিত চাপ তৈরির বার্তা যায়। এতে প্রশাসনিক নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হতে পারে।
অন্যদিকে,অনেকেই ঘটনাটিকে ইতিবাচক সৌজন্য হিসেবে দেখছেন। তাঁদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক থাকলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বয় আরও সহজ হবে।
এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু জানান, তিনি সম্প্রতি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
সামাজিক মাধ্যমে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন,যেহেতু আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব,সেই জায়গা থেকেই এমপি স্যার নিজ থেকে এসে সৌজন্য সংবর্ধনা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।
এ ব্যাপারে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
তবে তিনি নিজের ফেসবুক পেজে সংবর্ধনার ছবি প্রকাশ করে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।