শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ, এমপিকে লক্ষ্য করে ভুয়া, ভুয়া স্লোগান

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

কুষ্টিয়ার খোকসা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বহাল রাখার দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে কয়েক হাজার মানুষ স্টেশনের রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে কুষ্টিয়া-রাজবাড়ী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান,রেলপথ মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তে খোকসা স্টেশনের যাত্রাবিরতি কুমারখালীতে স্থানান্তরের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয় এবং বিকেলে বৃষ্টি উপেক্ষা করে রেললাইনে নেমে আসেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত হয়েছেন যে, বেনাপোল এক্সপ্রেস খোকসা ও কুমারখালী উভয় স্টেশনেই যাত্রাবিরতি দেবে।

তবে তার এ বক্তব্যে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা 'ভুয়া, ভুয়া' স্লোগান দেন।

কুমারখালী রেলস্টেশনের বুকিং সহকারী আনিসুর রহমান জানান, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে বেনাপোল এক্সপ্রেস কুমারখালী স্টেশনে পৌঁছালেও খোকসায় অবরোধের কারণে লাইন ক্লিয়ার না থাকায় ট্রেনটি ছেড়ে যেতে পারেনি।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ বলেন, খোকসা স্টেশনের যাত্রাবিরতি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়নি। আগের মতোই সেখানে ট্রেনটি থামবে। পাশাপাশি কয়েক দিনের মধ্যে কুমারখালী স্টেশনেও বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও তিনি জানান।

এদিকে দুই কর্মদিবসের মধ্যে দাবি কার্যকর করা হবে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারী। পরে প্রায় ৩ ঘন্ট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন