

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বলিয়াচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শুভ মিয়া একই এলাকার সৌদি প্রবাসী মো. সাদেকুল ইসলামের একমাত্র ছেলে। পরিবারের একমাত্র আশ্রয় ও ভবিষ্যৎ ভরসা ছিল সে।
নিহতের মামাতো ভাই এনামুল হক জানান, শুভ মিয়ার সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। পরিবারের সঙ্গে আসন্ন ঈদ উদযাপন করে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু নির্মম এই ঘটনায় তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।
নিহতের চাচি হেনা আক্তার অভিযোগ করে বলেন, একই এলাকার নাঈম মিয়া (২১), রিয়াদ (২২), সফিকুল (২২), হিমেল (২০), আরমান (২১)সহ আরও ৮–১০ জন বখাটে যুবক প্রায়ই তারাবির নামাজের সময় বিভিন্ন বাড়ির টিনের চালে ইট ছুড়ে আতঙ্ক সৃষ্টি করত। ঘটনার দিন রাতেও তারা বিভিন্ন বাড়ির পাশাপাশি শুভ মিয়ার বাড়িতেও ইট নিক্ষেপ করে। এতে শুভ মিয়া ও তার ফুফাতো ভাই এনামুল প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বোয়ালিয়ার চর জামে মসজিদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শুভ মিয়াকে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই রাত আনুমানিক ১২টার দিকে শুভ মিয়া মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
