

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় সংঘটিত আলোচিত শামীম হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ সোহেল (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে জাহাঙ্গীর আলম শামীম তার শ্বশুরবাড়ি রাঙ্গুনিয়ার মধ্যম ভাটেরখীল গ্রামে বেড়াতে যান। রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাকে একটি নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়।
নিহত শামীম মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার শিবপুর গ্রামের মৃত আবুল মুনসুরের ছেলে এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে শামীমের পূর্বপরিচয় ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ চলছিল। পাওনা টাকা নিয়ে একাধিকবার বিরোধ, হুমকি ও মারধরের ঘটনাও ঘটে।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনকে নামীয় আসামি এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তায় জানা যায়, পলাতক আসামি সোহেল রাঙ্গুনিয়া এলাকায় অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন