

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে তাড়াইল উপজেলায় একটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এতে করে তাড়াইলসহ আশপাশের এলাকার মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর জেলা সদর কিংবা ঢাকায় ছুটে যেতে হবে না।
তিনি বলেন,বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন আমার রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে থাকবে।”
রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল বালুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভার সূচনা করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাড়াইল ও করিমগঞ্জের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই বঞ্চনা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করা।
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম।সভা পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, যুগ্ম-সম্পাদক সামির হোসেন সাকি।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম ওসমান ফারুক আরও বলেন, “বর্তমান শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনা হবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস এবং এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।
বক্তারা বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করার কোনো বিকল্প নেই।
এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়ারুল কবির খান। তিনি বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।
জনসভায় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢোল, বাদ্যযন্ত্র, হাততালি ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভা প্রাঙ্গণ। দলে দলে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হলে একপর্যায়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন
