

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি দুর্নীতি কমানোর কথা বললেও বাস্তবে তারা কখনোই দুর্নীতি দমন করতে পারেনি-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, বিএনপি অতীতেও একাধিকবার দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
সাদ্দাম বলেন, বিএনপি বলেছিল দ্রব্যমূল্য কমাবে, কিন্তু সিন্ডিকেট ভাঙতে পারেনি। তারা দুর্নীতি কমানোর কথা বলেছিল, অথচ সেই সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে পরপর প্রথম অবস্থানে ছিল। এখন আবার তারা দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এসব কথা শুনলে শয়তানও হাসে।
তিনি আরও বলেন, যারা ‘হাওয়া ভবন’ তৈরি করেছে, তারা দুর্নীতি কমাতে পারবে না।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের সামনে বারবার একই ‘ট্রাম্পকার্ড’ খেলছে। ২০০১ সালের নির্বাচনের সময় কৃষকদের ৫ হাজার টাকা ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি বেকারদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। জনগণ এখন আগের অভিজ্ঞতা থেকে এসব প্রতিশ্রুতির প্রকৃত রূপ বুঝে ফেলেছে।
শিবির সভাপতি বলেন, দেশে এখন নব্য জালিমরা মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ক্ষমতাকে নিজেদের ইজারাদারি মনে করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, জনগণ তাদের আর দেখতে চায় না।
তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর ক্ষমতা হারানোর আগ পর্যন্ত বিএনপির লোকজন বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব কর্মকাণ্ডের জন্য তিনি বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীদের দায়ী করেন।
তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে বিএনপি নেতাকর্মীরা দেশে অস্থিরতা সৃষ্টি করছে। জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে তারা আবার ক্ষমতায় ফিরতে চায়।
কিন্তু দেশের জনগণ আর কোনো জুলুমবাজ ও দুর্নীতিবাজ শক্তিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না। জনগণ এবার ব্যালটের মাধ্যমে জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রমজান আলী।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন। এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
