সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে এনসিপি ও শিবির নেতাদের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চলাকালে ১১ দলীয় জোটের প্রার্থী ‘রিকশা’ প্রতীকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপি ও ছাত্রশিবিরের একাধিক নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়। এ ছাড়া আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, বিকেলে সুবিচারের মোড়ে নির্বাচনী লিফলেট বিতরণ ও প্রচারণা চালানোর সময় কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

হামলায় নেতৃত্ব দেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মেজবাউল হক খোকা, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক নাদিরুজ্জামান খসরু, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, ইউনিয়ন বিএনপি নেতা নূর আলম ও যুবদল নেতা তানভীর মিয়া—এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লিফলেট ছিনিয়ে নেয়, মোবাইল ফোন কেড়ে নেয় এবং ‘ধানের শীষ’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা। তিনি বলেন, আমরা এ ধরনের কোনো হামলার সঙ্গে জড়িত নই।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম বিষয়টি আমাকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে বিচারিক কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X