বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা পাট রপ্তানি চালুর দাবিতে খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:১৮ পিএম
খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ
expand
খুলনায় শ্রমিকদের সড়ক অবরোধ

কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পাট গোডাউন ও বেলিং শ্রমিকরা।

মঙ্গলবার (১৯ মে) সকালে মহানগরীর দৌলতপুর এলাকায় তাদের আন্দোলনে কয়েক ঘণ্টার জন্য খুলনা–যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শ্রমিকরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত গভীর সংকটে পড়েছে। তাদের দাবি, গত নয় মাস ধরে বহু শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

তারা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এদিকে একই সময়ে বিজেএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন