

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির নলছিটিতে শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে দায়ের করা মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী পুত্রবধূ নাসরীন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগে থেকে কারাগারে থাকা অভিযুক্ত শ্বশুর নুরু সরদারকে (৬৫) জামিন দেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক।
আদালত সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা নাসরিন আক্তার তার শ্বশুর নুরু সরদারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ১৪ মে পুলিশ নুরু সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পরবর্তীতে মামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। সোমবার আদালতে আসামি নুরু সরদারের পক্ষে জামিন আবেদন করা হলে বাদী নাসরিন আক্তার জামিনে অনাপত্তি জানান। একপর্যায়ে আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি স্বীকার করেন, শ্বশুরের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। এরপর আদালত মিথ্যা অভিযোগে মামলা দায়েরের দায়ে বাদী নাসরিন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অভিযুক্ত নুরু সরদারের জামিন মঞ্জুর করেন।
নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক জানান, আদালতে বাদী নিজেই অভিযোগ মিথ্যা বলে স্বীকার করেছেন। পরে বিচারক তার জবানবন্দি গ্রহণ করে প্রয়োজনীয় আদেশ দেন। এদিকে আসামিপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, “অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় আদালত বাদীকে কারাগারে পাঠিয়েছেন এবং অভিযুক্তকে জামিন দিয়েছেন।”