

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানেই “জুলাইয়ের পরাজয়” বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যার সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছে।
সোমবার (১১ মে) ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় “ওসমান হাদি স্মৃতি মঞ্চ”-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুমা হাদি অভিযোগ করে বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে জুলাই আন্দোলনের যে চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা—তা ব্যর্থ হয়ে যাবে।
তিনি আরও বলেন, “এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার নয়, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে নাকি হার মেনে নেবে—সেই প্রশ্ন আজ সামনে এসেছে। জুলাই কি হেরে যাবে, নাকি মাথা উঁচু করে বাঁচবে, সেটাই এখন দেখার বিষয়।”
মানববন্ধনে তিনি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, “বাংলাদেশে মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে, অথচ আমাদের দেশকেই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করা হয়। মানবতা ও সহাবস্থানের শিক্ষা বাংলাদেশের মানুষই দিচ্ছে।
মাসুমা হাদি আরও জানান, ওসমান হাদি স্মৃতি মঞ্চের ব্যানারে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি বলেন, “আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি। প্রয়োজনে শাহবাগ ব্লকেড কর্মসূচিও দেওয়া হবে। আমার ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাই যোদ্ধা মুসা সরদার এবং ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাতসহ স্থানীয়রা।