শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
expand
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিল আকন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাওসার আহমেদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল আকন উপজেলার পুটিয়াখালি এলাকার ইমাম আকনের ছেলে। আহত মোটরসাইকেল চালক কাওসার আহমেদ বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আ. কাদের ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রাজাপুর থেকে সমবায় এলাকায় পৌঁছে আকনের হাটের দিকে রাস্তায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক খলিল আকন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দ্রুত আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কাওসার আহমেদকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X