বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেল ৪টার পর যশোর শহরে কোথাও কুরবানির বর্জ্য দেখা যাবে না: জ্বালানি প্রতিমন্ত্রী 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৭:১৫ পিএম
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
expand
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যশোর শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, “ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যেই শহরের সব কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে। বিকেল ৪টার পর যশোর শহরের কোথাও ময়লা-আবর্জনা দেখা যাবে না।”

বুধবার যশোর পৌরসভা মিলনায়তনে কুরবানির পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, “ঈদুল আজহার আনন্দের পাশাপাশি শহর পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। নাগরিকদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করতে হবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের উৎসাহ দিতে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে ঈদের দিন প্রতিটি ঈদগাহ ও মসজিদের খুতবায় পরিচ্ছন্নতা ও সচেতনতা বিষয়ক বার্তা প্রচারের জন্য ইমাম পরিষদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খোকন।

বক্তারা বলেন, কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফল করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলি, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন