সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ১১ দলের বিক্ষোভ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের বিক্ষোভ
expand
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে ১১ দলের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। রবিবার বিকেলে শহরের ঈদগাহ ময়দান রোডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আইনজীবী সমিতি মোড়, দড়াটানা মোড় ও গাড়িখানা এলাকা ঘুরে শহরের চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “দালালি না রাজপথ” ইত্যাদি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, আবুল হাশিম রেজা, মনিরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ”— এই মন্তব্য করে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণআন্দোলনের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। তার দাবি, গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় বাস্তবায়ন না করে সরকার তা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তী সরকার যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল, তা বাস্তবায়নের অঙ্গীকার থাকলেও বর্তমান সরকার তা পূরণ করেনি। সুপ্রিম কোর্ট সচিবালয়, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন সংক্রান্ত অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন না করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের রায় উপেক্ষা করে বিভিন্ন প্রতিষ্ঠানে পরাজিত প্রার্থীদের পদায়ন করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তার ভাষায়, “যে লাউ সেই কদু হয়ে গেছে”—অর্থাৎ পূর্ববর্তী শাসনের ধারা অব্যাহত রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন