

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের শার্শা সীমান্ত এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি চক্রের অন্যতম হোতা হিসেবে পরিচিত সাজু বদ্দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটকের পর সমর্থকদের সংঘবদ্ধ তৎপরতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার মধ্যে রাতেই তাকে যশোর জেলা সদরে স্থানান্তর করা হয়।
শনিবার (৭ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাজু বদ্দি শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের আজিবার বদ্দির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাজু বদ্দির বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, মাদক ও সহিংসতাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে শার্শা থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি এবং ২০১৭ সালে অস্ত্র আইনে একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া ২০১৪ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়।
পুলিশ জানায়, এর আগেও ২০১৭ ও ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর শার্শা থানায় নেওয়া হলে তার অনুসারীরা থানার সামনে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে তাকে ছিনিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত তাকে যশোর জেলা সদরে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। সাজু বদ্দি গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাজু বদ্দিকে শুক্রবার রাতে আটক করা হয়। নিরাপত্তাজনিত কারণে রাতেই তাকে যশোরে পাঠানো হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন