সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-৪ আসনের ধানের শীষ প্রার্থীকে জরিমানা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ পিএম
যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী
expand
যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী

যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগে বলা হয়েছে, প্রার্থী নির্বাচনী তফসিল ঘোষণার পর ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করেছেন, যা নির্বাচনী আইন অনুযায়ী সরাসরি নিষিদ্ধ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ার শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান ফারাজী। ওই সম্মেলনের সময় তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সরাসরি দণ্ডনীয়।

ঘটনাটি নজরে আসার পর নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পান। এরপর ৪ ফেব্রুয়ারি ফারাজীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।

রোববার শুনানিতে ফারাজী নিজেকে অপরাধ স্বীকার করেন। তিনি আদালতে বলেন, তার এই কর্মকাণ্ড নির্বাচনী আইন অমান্য করেছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। বিচারক তার স্বীকারোক্তি ও আবেদন বিবেচনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। অর্থ পরিশোধের পর তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হবে।

এই ঘটনা প্রমাণ করে যে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে তৎপর তদন্ত এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রার্থীদের সতর্ক থাকার পাশাপাশি আইন মানা সবার জন্য বাধ্যতামূলক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X